প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে লালমনিরহাটে আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম লালমনিরহাট সফর। দীর্ঘ ২২ বছর পর কোনো প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসাহ ও প্রত্যাশার আমেজ বিরাজ করছে বলে জানা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দেওয়া তথ্য অনুযায়ী, সফরে প্রধানমন্ত্রী জেলার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডসংক্রান্ত তিনটি প্রধান কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং মহেন্দ্রনগরে মডেল খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবকদের সঙ্গে লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিশাল জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সফরকে স্বাগত জানিয়ে ত্রাণমন্ত্রীর নেতৃত্বে লালমনিরহাট শহরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে ১৪ কিলোমিটার দীর্ঘ একটি সাইকেল র্যালি হয়েছে। শহরজুড়ে সাজসাজ রব; সড়ক ও সড়ক বিভাজক ধোয়া-মোছা ও রং করা হয়েছে, প্রধান সড়কের ফুটপাত পরিষ্কার করা হয়েছে। দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন, আনন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু ইতিমধ্যে প্রতিটি উপজেলায় ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন কমিটির সঙ্গে সভা করেছেন।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিপুল জনসমাগম এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনের স্থান ও তার আশপাশের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক আন্দোলন সফল করা গেলে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।