শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে শুরু হয়েছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি নিয়ে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিলেটকে একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা গেলে এ অঞ্চলের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রশাসনিক ও আইনগত বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং পরে সংসদে আইন পাসের বিষয়ও রয়েছে। রূপান্তরের পর শিক্ষকদের পদমর্যাদা, চাকরির কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, যাতে বর্তমান শিক্ষকেরা কোনো জটিলতায় না পড়েন।

প্রতিষ্ঠানটির ইতিহাস নিয়ে প্রশাসক বলেন, দেশে একসময় চারটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় সিলেটে এমন কোনো প্রতিষ্ঠান না থাকায় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সিলেটেও একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দেন। পরে দীর্ঘ সময় নানা সীমাবদ্ধতা পেরিয়ে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।