কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার স্থানীয় সময় সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।
সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষে মন্ত্রী মিল্লাতের পাশাপাশি যোগ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।
২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও। এবারের সম্মেলনের প্রতিপাদ্য, ‘পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা।’
বিশ্ব বিমান পরিবহন খাতে দ্রুত পরিবর্তন, যাত্রীসংখ্যা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের চাহিদার পরিপ্রেক্ষিতে এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের জন্যও বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো, অবকাঠামো আধুনিকায়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরিতে সম্মেলনটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, নতুন উড়োজাহাজ সংগ্রহ, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে আকাশপথে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।