রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ; সেনাবাহিনীর চার ডিভিশনে নতুন জিওসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও পৃথক আদেশে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বদলি, পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। একই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। আনসারের বর্তমান ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে সেনাবাহিনীর চারটি ডিভিশনে নতুন জিওসি নিয়োগ করা হয়েছে। মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে বদলি করা হয়েছে ৫৫ পদাতিক ডিভিশনে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মেজর জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের এবং মেজর জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি) পদে পদায়ন করা হয়েছে।