পটুয়াখালীর মির্জাগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হালিম, সহকারী শিক্ষক মাওলানা মো. আবদুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী। বক্তারা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়া এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু আর ফেরেনি। পরীক্ষা শেষে সে বাড়ি না ফেরায় মা বিদ্যালয়ে খোঁজ নিলে শিক্ষকেরা জানান, সে বিদ্যালয়ে যায়নি।
নিখোঁজের পর বৃহস্পতিবার সকালে নিজেদের বাড়ির পাশে পানের বরজের কাছে শিক্ষার্থীর জুতা দেখতে পান স্বজনেরা। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানেই তার লাশ দেখতে পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।