দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল হাওয়ায় বদলে যেতে শুরু করেছে প্রকৃতির চিত্র। বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শীতের আগমনে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব পড়তে শুরু করেছে। সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি বেশি থাকছে। গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ এবং ভাপা পিঠাসহ শীতকালীন খাবারের প্রস্তুতিও শুরু হয়েছে।
উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়ও জেঁকে বসছে শীত। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে সেখানে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাসের সঙ্গে বিকেল নামতেই ঘন কুয়াশা ঘিরে ধরছে এলাকা, আর রাতভর ঝরছে ভারী শিশির। ঘন কুয়াশায় সড়কে দৃষ্টিসীমা কমে আসায় যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতায় চলাচল করতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আবহাওয়াবিদেরা জানান, বাতাসে জলীয়বাষ্পের আধিক্য, উচ্চ আর্দ্রতা ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে দিনের বেলায়ও পরিবেশ উষ্ণ হচ্ছে না।
দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত হয়ে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়া এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন। শীতের আমেজ উপভোগ করতে তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়ও বাড়ছে।