রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. রজব আলী (২৫) ও মো. সাগর আলী (২১) গ্রেপ্তার হন। রজব আলীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া থানার দরিখরবোনা (কাদিরগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে সাথী আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে সাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাকুর রহমান সাজ্জাদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ; তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সাগর আলী ও সাথী আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আগে থেকেই মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।