বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস অবশেষে মুক্ত, হাইকোর্টের নির্দেশের তিন দিন পর

দুই যুগ আগের অস্ত্র মামলায় অন্য ব্যক্তির সাজার কারণে গ্রেপ্তার হওয়া দোহারের মো. আলমাস কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

গত রোববার উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। তবে তিন দিন পর মঙ্গলবার তিনি কারামুক্ত হলেন। কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সোয়া দুইটার দিকে আলমাসের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। এরপর আনুষ্ঠানিকতা শেষে বেলা ২টা ৪৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির অপেক্ষায় কারাফটকে আগে থেকেই উপস্থিত ছিলেন আলমাসের স্ত্রী বন্যা আক্তার ও স্বজনেরা। আলমাসের খালাতো ভাই রমজান খান বলেন, আলমাস একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি; তাঁকে বিনা অপরাধে ১২ মাস জেলে থাকতে হয়েছে। আলমাসের বাবা শেখ খলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর নিরপরাধ ছেলেকে পুলিশ জেল খাটিয়েছে; তিনি সরকারের কাছে এর বিচার চান।

মামলার সূত্রে জানা যায়, ২০০২ সালে মিরপুর থানার একটি অস্ত্র মামলায় আলমাছ নামের একজনের ১০ বছরের কারাদণ্ড হয়। ওই মামলায় বাবা ও নিজের নামের মিল থাকায় দোহারের সুন্দরীপাড়া গ্রামের আলমাস শেখকে গত বছরের ৪ নভেম্বর গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। নাম-ঠিকানা যাচাই না করেই গ্রেপ্তারের অভিযোগ তুলে তখন স্থানীয় লোকজন প্রতিবাদ জানালেও পুলিশ বিষয়টি আমলে নেয়নি বলে স্বজনেরা বলেছেন।

কারাগারে থাকা আলমাস গ্রেপ্তারের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে দুজনের পরিচয়সহ বিস্তারিত যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৪৫ দিনের মধ্যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান প্রতিবেদন দিতে বলা হয়। পরে আদালতে জমা পড়া ওই প্রতিবেদনে বলা হয়, কারাগারে থাকা আলমাস এই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন; প্রকৃত আসামি আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।