রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে জাইমা রহমান এই দায়িত্ব পেয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি জাতিসংঘের বর্তমান সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন বলে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন, যার মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশি। এই কার্যালয়ে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম উপ-প্রধানের দায়িত্ব পালন করবেন।

অন্যান্য বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।