বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের ঢাকা সফর শুরু, ১৮ নভেম্বর পর্যন্ত থাকবেন

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়েছেন।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি বাংলাদেশ সফরে এসেছেন। বুধবার শুরু হওয়া এ সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নই এ সফরের উদ্দেশ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদ তাঁকে নিয়োগ দেয় এবং মে মাসে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলাদেশ সফর।

বুধবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি রোহিঙ্গাদের দুর্দশার প্রতি দীর্ঘদিন ধরে চলা আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখার ওপর জোর দেন। বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক উদ্যোগের প্রশংসাও করেন তিনি। সফরের অনুরোধ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র সচিব মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন এবং বলেন, বাংলাদেশ ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে।

নজরুল ইসলামের ভাষ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি, বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী—উভয়ের জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তা সংগ্রহের গুরুত্বও তিনি তুলে ধরেন।