শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মজুরি আন্দোলনে ক্ষতি ৩-৪ হাজার কোটি টাকা: ক্রেতা সংগঠনের আশঙ্কা; সহিংসতা নিয়ে উদ্বেগ আইএলও-র

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে তিন-চার হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন; আন্তর্জাতিক শ্রম সংস্থাও সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে তিন থেকে চার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির নেতারা বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সামনের দিনগুলোতে এই ক্ষতি আরও বাড়বে। একই দিন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি অত্যন্ত যৌক্তিক। নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি মজুরি কাঠামো ঠিক হবে, যা শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত এবং কারখানাগুলোর জন্যও বহনযোগ্য।

তাঁর ভাষ্য, চলমান অস্থিরতায় একদিকে নতুন পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে তৈরি পণ্য সময়মতো জাহাজীকরণ করাও কঠিন হয়ে পড়ছে। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করা না গেলে বাড়তি খরচে আকাশপথে পাঠাতে হতে পারে। বিদেশি ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপও আসতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

নেতাদের মতে, এই ক্ষতি শুধু পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না; পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতেও ছড়িয়ে পড়বে।

এর আগে আইএলও বাংলাদেশ কার্যালয় এক বিবৃতিতে জানায়, সহিংসতা, ভাঙচুর ও কাজ ব্যাহত হওয়ার খবর এবং শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প সম্পর্কের ওপর গুরুতর প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। উত্তেজনা প্রশমন এবং নিম্নতম মজুরি বোর্ডকে তার দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আইএলও বলেছে, ন্যূনতম মজুরি ও তার নিয়মিত সমন্বয় স্বচ্ছ, প্রমাণভিত্তিক ও নির্ভরযোগ্য তথ্যনির্ভর হওয়া উচিত। এতে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব, উৎপাদনশীলতা, কর্মসংস্থান ও প্রতিষ্ঠানের টেকসই অবস্থানের মতো বিষয় বিবেচনায় নিতে হবে।