স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে জাতিসংঘ যে ব্যতিক্রমী সুযোগ দিয়েছে, সেই বাড়তি সময় কাজে লাগিয়ে চার খাতের সংস্কার সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর মতে, তিন বছরের মধ্যে এসব সংস্কার শেষ করতে হবে।
রোববার সিপিডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কার সম্পন্ন না হলে দেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।’ তিনি আরও বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, জ্বালানি, সামাজিক সুরক্ষা ও সরবরাহব্যবস্থা—এই চার খাতে সংস্কার করতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এসব খাতে সংস্কার হলে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ সম্ভব হবে। পাশাপাশি উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। বাংলাদেশকে উত্তরণের জন্য আরও তিন বছর সময় দেওয়ার সিদ্ধান্তকে তিনি জাতিসংঘের ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান।