এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের (খাতা চ্যালেঞ্জ) আবেদনের সময় বাড়ানো হয়েছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আগে শেষ সময় ছিল শনিবার, ৭ নভেম্বর।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান শনিবার রাতে সময় বাড়ানোর কথা জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষ পুনর্মূল্যায়নের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে; যাতে আগ্রহী কোনো শিক্ষার্থী বাদ না পড়েন, সে জন্যই সময় বাড়ানো হয়েছে।
শনিবার পর্যন্ত পাওয়া হিসাবে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলে বড় ধরনের অবনতি হওয়ায় প্রায় অর্ধেক পরীক্ষার্থী পাস করতে পারেননি।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন অংশ নিয়েছিলেন, আবেদন করেছিলেন ৪ লাখ ২ হাজার ৫২ জন। ওই আবেদনের পর নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন, ফেল থেকে পাস করেন ৪ হাজার ৮৫ জন, গ্রেড বদলায় ২৭ হাজার ৮৩৬ জনের এবং নম্বর বদলায় ৫৬ হাজার ২৫৯ জনের।