গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা।
ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের বাসিন্দা হাসমত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারে বন্দী আছেন।
কারাগার সূত্র জানায়, অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য ৩১ অক্টোবর সন্ধ্যা সাতটা ২০ মিনিটে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ নভেম্বর অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তাঁর পেট থেকে এসব বস্তু বের করেন।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দী অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।
জেল সুপারের ভাষ্য অনুযায়ী, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত এবং পরে সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। জেল সুপার জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন।