শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে ফুটবল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ: যাত্রীসহ যাওয়া অটোরিকশাচালক শাহজাহানের মৃত্যু, আহত অন্তত ছয়

তিন দিন আগে খেলার মাঠে হাতাহাতির জের ধরে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লার যুবকদের সংঘর্ষ; মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের সংঘর্ষের মধ্যে পড়ে শাহজাহান (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় সংঘর্ষটি হয়। সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এতে ধোপল্লা এলাকার কয়েকটি বাড়ির ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। যাত্রীসহ অটোরিকশা নিয়ে এনায়েতপুর থেকে ওই এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাই মানিক হোসেন জানান, বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে শাহজাহান হামলার শিকার হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে গিয়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং আবার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. কাউসার আলম ভূঁইয়া বলেন, ঘটনাটি শাহরাস্তি থানা এলাকার, তাই আইনানুগ ব্যবস্থা নেবে শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। নিরীহ একজন চালকের মৃত্যুতে দুই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।