সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে আবারও এজেআর কুরিয়ারের তিন কাভার্ড ভ্যানে হামলা-ভাঙচুর, চালকদের হুমকি; এখনো গ্রেপ্তার নেই

পুলিশ বলছে, বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির গাড়িতে হামলা হচ্ছে; আগের ঘটনায় দুটি মামলার তদন্ত করছে ডিবি।

রাজধানীর মোহাম্মদপুরে আবারও এজেআর কুরিয়ার সার্ভিসের তিনটি কাভার্ড ভ্যানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের বোর্ড গার্ড এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল এ হামলা চালায় বলে জানা গেছে।

হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে কাভার্ড ভ্যানগুলোর কাচ ভেঙে দেয় এবং চালকদের হুমকি দেয়। তারা চালকদের নির্দেশ দেয়, তাদের ‘বড় ভাইয়ের’ সঙ্গে কথা বলে সমাধান না হওয়া পর্যন্ত ওয়্যারহাউস থেকে যেন কোনো গাড়ি বের করা না হয়।

এজেআর কুরিয়ার সার্ভিসের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী বলেন, ঘটনার পরপরই তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ এসে গাড়িগুলো দেখেছে। এ বিষয়ে তাঁরা থানায় লিখিত অভিযোগ দেবেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুপুরে বেড়িবাঁধ এলাকায় এজেআরের তিনটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওসি জানান, বেশ কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় এজেআরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। মোহাম্মদপুর থানায় আগের এমন ঘটনায় দুটি মামলা রয়েছে, যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ধারাবাহিক এই হামলার পেছনে কারা জড়িত এবং এর কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।