রাজশাহীর বাঘায় কলেজভিত্তিক ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ (প্রথম ধাপ-২০২৬) সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট জহুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, গুজব, অপপ্রচার, সহিংসতা ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীলভাবে কাজ করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপু, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিয়া এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে অন্তর আহমেদ ও মাবিয়া আক্তার। প্রশিক্ষণার্থীরা বলেন, এ প্রশিক্ষণ তাঁদের সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার নতুন অনুপ্রেরণা দিয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর উপজেলার গড়গড়ি ইউনিয়নের আব্দুল গনি কলেজে শুরু হওয়া ১০ কার্যদিবসব্যাপী এ প্রশিক্ষণে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার রোধ, বিবাদ-সহিংসতা নিরসন, অনলাইন জুয়া প্রতিরোধ এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী হিসেবে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কমান্ডার আব্দুস সাত্তারসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।