শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের প্রথম ছয় মাসের জন্য ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানি, ব্যয় ৮ হাজার ১০ কোটি টাকা

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কেনার চারটি প্যাকেজ অনুমোদন করেছে।

২০২৭ সালের প্রথম ছয় মাসের চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ তেল কিনতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে।

গত বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় বিষয়টি জানায়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এ তেল আমদানি করা হবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটিতে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’, অবশিষ্ট একটিতে অকটেন সরবরাহ করবে ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’।

মোট ৬ লাখ ২৫ হাজার টনের মধ্যে রয়েছে এক লাখ ৫০ হাজার টন ডিজেল, তিন লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং এক লাখ ২৫ হাজার টন অকটেন।

  • পিজি-৩: ৬০ হাজার টন ডিজেল, ব্যয় ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা; ব্যারেলপ্রতি প্রিমিয়াম ১৬.৯৩ ডলার। তিনটি প্রতিষ্ঠানের দরপ্রস্তাবের মধ্যে ট্রাফিগুরা সর্বনিম্ন দরদাতা।
  • পিজি-৪: আরও ৯০ হাজার টন ডিজেল, ব্যয় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা; প্রিমিয়াম ১৭.৪৫ ডলার। পাঁচটি দরপ্রস্তাবের মধ্যে সর্বনিম্ন দরদাতা ট্রাফিগুরা।
  • পিজি-৫: তিন লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল, ব্যয় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা; প্রিমিয়াম ৬৯.৮২ ডলার। কারিগরি প্রস্তাব যাচাই শেষে ট্রাফিগুরাকে সর্বনিম্ন দরদাতা ধরা হয়েছে।
  • পিজি-৬: এক লাখ ২৫ হাজার টন অকটেন, ব্যয় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা; প্রিমিয়াম ১৭.৩৬ ডলার। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।

বিপিসি সূত্রে জানানো হয়েছে, আমদানির অর্থ সংস্থাটির নিজস্ব বাজেট, তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর প্রচলিত আইন অনুযায়ী বিপিসিকে পরিশোধ করতে হবে।

দেশের মোট তেল চাহিদার ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালের পুরো বছরের জন্য বিপিসির পরিকল্পনায় জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং উন্মুক্ত দরপত্রে আরও ৩৩ লাখ ৩৫ হাজার টনসহ মোট ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির কথা রয়েছে।