রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান আর নেই

শুক্রবার বাসায় স্ট্রোক করার পর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বনানীর নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শফিকুর রহমান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শফিকুর রহমান। যুদ্ধের পর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা শুরু হয়। পরে সাংবাদিকতার ওপর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্য ও জাপানে যান।

তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারের সন্তান। বাবা মৌলভী আবদুল হামিদ, মা আয়েশা খাতুন।