বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ, কীটনাশক ব্যবসায়ীর সাত দিনের কারাদণ্ড

সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে তিনটি অটোরিকশায় সার নেওয়ার সময় স্থানীয়রা মহেন্দ্রনগর বাজারে সেগুলো আটকে দেন।

লালমনিরহাটে অবৈধভাবে পাচারের সময় ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে তিনটি অটোরিকশায় করে নেওয়ার সময় মহেন্দ্রনগর বাজারে স্থানীয়রা সারগুলো আটকে দেন।

ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরশাদ আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত এরশাদ সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস বলেন, তিনটি গাড়িতে মোট ৪৫ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তী সময়ে হারাটি ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে এসব সার বিতরণ করা হবে।