রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর হাতধোয়া প্রদর্শনী এবং উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান। তিনি বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া সহজ ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস, যার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর কথাও বলেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়া শেখাতে হবে এবং পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও এ বিষয়ে সচেতন করতে হবে।
সভায় বক্তারা বলেন, খাবার খাওয়ার আগে, খাবার তৈরির সময়, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার পর ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।