← Back

প্রধান উপদেষ্টা বললেন, ভোটের আগে প্রশাসনের রদবদল হবে তাঁর তত্ত্বাবধানে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক: নির্বাচনী প্রস্তুতি ও প্রশাসনিক রদবদল নিয়ে আলোচনা

Jayed
প্রধান উপদেষ্টা বললেন, ভোটের আগে প্রশাসনের রদবদল হবে তাঁর তত্ত্বাবধানে
ছবিঃ ছবি: প্রধান উপদেস্টার প্রেস উেইং

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দ বৈঠক করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ। সরকারের পক্ষে অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ বিতর্কিত কোনো কর্মকর্তা—বিশেষ করে অতীত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের—আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান। এছাড়া প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও তাঁরা প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে প্রশাসনের যাবতীয় রদবদল তাঁর সরাসরি তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, “জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করা হবে এবং নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম কর্মকর্তাদেরই আমরা বেছে নেব। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, সরকার তা করবে।”

বৈঠকে বিএনপি নেতারা পুলিশের নিয়োগ ও বদলি প্রক্রিয়া সম্পর্কেও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন।

এ ছাড়া, সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা এসব ঘটনার অন্তর্ঘাতমূলক দিক অনুসন্ধানের আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পৃক্ত করায় এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে আয়োজন করায় সরকারকে ধন্যবাদও জানায় বিএনপি।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন