বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ ডায়াবেটিস, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) তথ্য অনুযায়ী, গত এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৪৬ লাখ বা ১৭৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে এখনো প্রায় ৪৯ শতাংশ শনাক্তের বাইরে। অন্যদিকে শনাক্ত হওয়া রোগীদের প্রায় ৮২ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। সমিতির তথ্যে ২০১৩-১৪ সালে নিবন্ধিত রোগী ছিল ২৬ লাখ ১২ হাজার; পরের বছরগুলোয় এ সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।
দেশে বর্তমানে এক কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের প্রায় অর্ধেক নারী। আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত; তাঁদের অর্ধেকই জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে বর্তমানে প্রায় ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগের প্রায় ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫ কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব, স্থূলতা, ধূমপান, অপরিকল্পিত নগরায়ণ ও প্রযুক্তিনির্ভর জীবনযাপন ঝুঁকি বাড়াচ্ছে। সময়মতো রোগ শনাক্ত না হওয়া ও সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি কমানো এবং জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
এ রোগের চিকিৎসা ব্যয়ও বাড়ছে। নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, ইনসুলিন ও ওষুধের খরচ জোগাতে অনেক রোগী হিমশিম খাচ্ছেন; অর্থাভাবে নিয়মিত ওষুধ খেতে না পেরে কেউ কেউ অকালে মারা যাচ্ছেন বলেও জানা গেছে।