বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা দাবি: সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের এক বছর করে কারাদণ্ড

মোহাম্মদপুরের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা দাবির ঘটনায় কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত দুজনকে চাকরিচ্যুত করে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে মারধর করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত দুই সেনাসদস্যকে সেনা আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনা সূত্র এ তথ্য জানিয়েছে। দণ্ডিত দুজন হলেন সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১)।

সেনা সূত্র জানায়, গত ২৪ অক্টোবর মোহাম্মদপুরের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজির জন্য আটকে রাখার ঘটনায় ছয়জনকে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখানোর পর এই দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর সেনা আইনে বিচার শুরু হয়। কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের চাকরি থেকে বরখাস্ত করে এক বছরের জন্য বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র অনুযায়ী, ২৪ অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে শেরেবাংলা নগর থানার একটি টহল দল শ্যামলী এলাকায় একটি গাড়ি থামায়। গাড়ির এক ব্যক্তি পুলিশকে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। পুলিশ গাড়ির সবাইকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি জানা যায়।

মামলার এজাহারে বলা হয়, আটকে রাখা ব্যক্তিদের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা তাঁদের দেন। অভিযুক্তরা তাতে সন্তুষ্ট না হয়ে তাঁকে মারধর করেন এবং আবার ১০ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদপুর থানায় চাঁদাবাজির মামলা করেন।

এ মামলার অপর চার আসামির বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁরা এখন কারাগারে আছেন।