পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মেহগনি গাছ কাটতে গিয়ে নিচে চাপা পড়ে রুবেল জোমাদ্দার (২৮) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য় খণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের বজলু জোমাদ্দারের ছেলে এবং মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মো. মনির মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই আল আমিন জোমাদ্দার জানান, সোমবার বেলা দুইটার দিকে রুবেল তাঁদের বাবার সঙ্গে বাড়ির পাশের বাগানে মেহগনি গাছ কাটতে যান। গাছটি কাটার পর মাটিতে পড়ার সময় রুবেলের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নথুল্লাবাদ এলাকায় তিনি মারা যান।
মির্জাগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, গাছ কাটতে গিয়ে একজন মারা গেছেন; এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ বলেন, রুবেল রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সহযোদ্ধা ছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।