সাধারণ মানুষের কষ্ট লাঘব ও স্বাস্থ্যসেবা মান উন্নত করার লক্ষ্যে মহাখালী ক্যান্সার হাসপাতালে এক কোটি টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনানী থানা জামায়াতের আমির মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির। এছাড়া অনুষ্ঠানে ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান, ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “মানুষের কল্যাণই রাজনীতির মূল উদ্দেশ্য, আর সে লক্ষ্যে জামায়াতে ইসলামী সবসময় আপসহীন।” তিনি ইসলামের শিক্ষা উদ্ধৃত করে জানান, মানুষকে কল্যাণের পথে আহ্বান করা এবং অসৎকাজ থেকে বিরত রাখাই মুসলিম সমাজের মূল দায়িত্ব।
তিনি জামায়াতকে একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, কুরআন-হাদিস চর্চা, চরিত্র গঠন এবং সুদের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে ‘কর্জে হাসানা’ প্রদানের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে জামায়াত। ক্যান্সার হাসপাতালে দেওয়া এই অনুদান সে কল্যাণকামীতারই ধারাবাহিকতা বলেও তিনি মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমরা এমন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভই ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য।” তিনি আরও অভিযোগ করেন, কিছু মহল জামায়াতের বিরুদ্ধে ‘জান্নাতের টিকিট বিক্রি’ করার মতো অপপ্রচার চালালেও বাস্তবে জামায়াত মানুষকে কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবনযাপনে উদ্বুদ্ধ করে।
তিনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।