বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার

১৬ ডিসেম্বরের নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজুর রহমানের নাম না থাকায় কয়েক দিনের জল্পনার অবসান হলো।

আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় বাংলাদেশের এই বাঁহাতি পেসারের নাম নেই। ক্রিকেট–বিষয়ক আন্তর্জাতিক দুটি পোর্টালের খবরে বিষয়টি জানা গেছে।

সাকিব আল হাসানের নামও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।

বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি দলটি।