বিশ্বজুড়ে মুসলিমরা গত ৬ সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকী উদযাপন করেন। ভারতে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও মিলাদুন্নবী উদযাপন হয়। উত্তরপ্রদেশের কানপুর শহরের সায়েদনগরের রাওয়াতপুর এলাকার জাফরওয়ালি গলিতে ৪ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে “আই লাভ মুহাম্মদ” লেখা একটি আলোকিত বোর্ড স্থাপন করা হয়।
তবে স্থানীয় কিছু হিন্দু সম্প্রদায়ের সদস্য বোর্ডটি স্থাপনে আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বোর্ডটি সরিয়ে ফেলা হয়।
পুলিশের অভিযোগ, পরদিন ৫ সেপ্টেম্বর এক মুসলিম শোভাযাত্রার সময় কিছু অজ্ঞাত ব্যক্তি হিন্দু ধর্মীয় পোস্টার ছিঁড়ে ফেলেছিল। যদিও ঘটনাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়, তবুও ৯ সেপ্টেম্বর কানপুর পুলিশ ২৪ জনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের করে।
পুলিশ দাবি করেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু লোক ইচ্ছাকৃতভাবে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করেছিল। তবে অভিযুক্তদের একজন বলেন, “গত বছর কাপড়ে লেখা একই বার্তা দিয়েছিলাম, কেউ আপত্তি করেনি। এবার লাইটবোর্ড লাগানোতেই হঠাৎ মানুষ আপত্তি জানাতে শুরু করেছে।”
একই অভিযোগে স্থানীয় এক ইমামকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি বলেন, “এফআইআরটি ভিত্তিহীন। কোনো হিন্দু পোস্টার কেউ ছিঁড়েনি।”
রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে বিতর্ক
১৫ সেপ্টেম্বর অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা আসাদউদ্দিন ওয়াইসি এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, “আই লাভ মুহাম্মদ বলা কোনো অপরাধ নয়।” তাঁর এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দেয় এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় “আই লাভ মুহাম্মদ” স্লোগানটি ছড়িয়ে পড়ে।
অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (APCR) জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে অন্তত ২১টি মামলা, ১৩২৪ জনকে নামজারি এবং ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। শুধু উত্তরপ্রদেশেই নয়, গুজরাটের গোধরা, উত্তরাখণ্ডের কাশীপুর এবং মহারাষ্ট্রের বাইকুল্লাতেও মামলা হয়েছে।
বেরেলিতে সংঘর্ষ ও গ্রেপ্তার
সবচেয়ে বড় সহিংসতা ঘটে ২৬ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বেরেলিতে। ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিল (IMC)-এর নেতা মাওলানা তৌকির রাজা খান “আই লাভ মুহাম্মদ” প্রচারণায় সমর্থন জানিয়ে ইসলামিয়া গ্রাউন্ডে সমাবেশের আহ্বান জানান। প্রশাসনের অনুমতি না মেলায় কর্মসূচি স্থগিত করা হলেও, শুক্রবারের নামাজ শেষে শত শত মানুষ সমবেত হন।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাধে। ইটপাটকেল ও গুলি ছোড়া হয়, পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। এতে বহুজন আটক হন, যার মধ্যে মাওলানা তৌকির রাজাও ছিলেন।
পরদিন, ২৭ সেপ্টেম্বর, বেরেলিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় এবং বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
সরকারি ও রাজনৈতিক প্রতিক্রিয়া
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাকে “সামাজিক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “যারা রাস্তায় বিশৃঙ্খলা ছড়াতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে।”
আদিত্যনাথের “দেন্টিং-পেইন্টিং” সংক্রান্ত বক্তব্য বিতর্ক সৃষ্টি করে। বিজেপিরই কাশ্মীর শাখার নেতা জাহানজাইব সিরওয়াল বলেন, “একটি আন্তরিক ধর্মীয় বার্তাকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এটি সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকারকে অবমাননা করে।” তিনি তদন্তে নিরপেক্ষতার দাবি জানিয়ে পদত্যাগের হুমকিও দেন।
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সরকারের আচরণকে “দুর্বলতার প্রকাশ” বলে সমালোচনা করেন।
জামাত-ই-ইসলামির সহ-সভাপতি প্রফেসর সেলিম ইঞ্জিনিয়ার বলেন, “পুলিশি অভিযান মুসলিমদের কণ্ঠরোধের চেষ্টা। কানপুর থেকে বেরেলি পর্যন্ত সরকারের আচরণে একধরনের ভয় দেখানোর প্রবণতা স্পষ্ট।”
অন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শহাবুদ্দিন রজভি বেরেলভি শান্তি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “নবীকে ভালোবাসার প্রকৃত অর্থ হলো কাউকে কষ্ট না দেওয়া। ইসলাম শান্তির বার্তা দিয়েছে, তাই সবাইকে সংযত থাকতে হবে।”
“আই লাভ মুহাম্মদ” ইস্যু ভারতে ধর্মীয় স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, পর্যবেক্ষকরা বলছেন— ঘটনাটি দেশের ধর্মনিরপেক্ষ চেতনা ও সামাজিক সম্প্রীতির সামনে এক নতুন পরীক্ষা তৈরি করেছে।