সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে আরেকজন

গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘলিয়া গ্রামের তিন যুবক ১৬ অক্টোবর রাতে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন; ঢাকার দুই হাসপাতালে দুজন মারা গেছেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। একই ঘটনায় অসুস্থ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত দুজন হলেন উপজেলার দিঘলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও গেদু বাড়ৈয়ের ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)। একই গ্রামের অনিল বাড়ৈ (৪৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ১৬ অক্টোবর রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল একসঙ্গে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর তাঁরা অসুস্থ হয়ে পড়লে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মনোতোষ হালদার এবং রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যান।

কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন পাশের খাগবাড়ি গ্রামে ডেকোরেটরের কাজ করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে মদ্যপান করেন এবং কয়েক ঘণ্টা পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়েন। মনোতোষের ভাই উত্তম হালদার বলেন, কাজ করতে গিয়ে তাঁর ভাই কিছু পান করেছিলেন, এরপর অসুস্থ হয়ে পড়েন। দুই পরিবারই থানায় কোনো অভিযোগ করেনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।