চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ৩০ জুলাই থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করার সুযোগ থাকবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কাজ সম্পন্ন হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
এর অংশ হিসেবে আজ নটর ডেম কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোনো মিটিং, মিছিল বা সমাবেশ নয়—ছবির ফ্রেমে বন্দী হয়েছে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যস্ততা ও প্রত্যাশার চিত্র। অনেকে হাতে ভর্তি ফরম, কেউবা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ভর্তির দিনগুলোতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
মো: ইসমাঈল হোসেন । নিজস্ব প্রতিবেদক