ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে; বাবার নাম আক্তার মোল্লা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। রাত নয়টার দিকে একই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল বের করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে সোয়া নয়টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা হয়। হামলাকারীরা পরে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
স্থানীয় লোকজন আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তখন চিকিৎসকদের কিছু করার ছিল না।
ফরিদপুর–৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) বলেন, ১০০ থেকে ১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন এবং তাঁরাই রাজু মোল্লার ওপর হামলা চালান। খবর পেয়ে কৃষক দলের লোকজন গিয়ে তাঁদের হটিয়ে দেন বলেও তিনি জানান।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর রাত সোয়া ১০টার দিকে জানান, নিহত ব্যক্তির মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে রাত নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল; পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় মামলা বা গ্রেপ্তারের তথ্য প্রকাশের সময় পর্যন্ত জানা যায়নি।