বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

লিবিয়ার বন্দিশালা থেকে আরও ১৭২ বাংলাদেশি আজ দেশে ফিরছেন, তাঁদের মধ্যে অসুস্থ ১৮ জন

মিসরাতা থেকে বেসরকারি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর ৬টায় তাঁদের ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা।

লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭২ বাংলাদেশি দেশে ফিরছেন। তাঁদের মধ্যে ১৮ জন অসুস্থ। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিবিয়ার মিসরাতা শহর থেকে দেশটির বেসরকারি উড়োজাহাজ সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ১৭২ জনকে দেশে পাঠানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে থাকা এই বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরছেন।

দূতাবাস জানায়, দেশে পাঠানোর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ মিসরাতায় প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্রিফিংয়ে তিনি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাঁদের সচেতন করেন। একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পা না দিতে সতর্ক করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ অন্য বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত দেশে ফেরাতে আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় চলছে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।