নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার-চরহাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
নিহতরা হলেন ১৭ বছর বয়সী এক কিশোর, ১৯ বছর বয়সী এক তরুণ ও ২২ বছর বয়সী এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁদের মধ্যে ১৭ বছর বয়সী কিশোর পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। দুই বন্ধুকে নিয়ে সে মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তৃতীয়জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজের দিকে নেওয়ার পথে তিনি মারা যান। নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাজিব আহমেদ চৌধুরী জানান, গুরুতর আহত একজনকে সেখানে আনা হলেও কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত অবস্থায় পান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁর ভাষ্য, ব্রিজ থেকে নামার সময় টার্নিংয়ে বালুর স্তূপ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। নিহত দুজনের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তৃতীয়জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।