গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নওগাঁ ও সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ দুই জেলায় কর্মসূচি পালিত হয়।
নওগাঁয় বিকেল চারটায় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ের শহীদ মিনারে সমাবেশ হয়। জেলা আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, পৌর আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব ও সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।
সমাবেশে মাহফুজুর রহমান বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নই ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার একমাত্র উপায়। তাঁর অভিযোগ, সরকার ও সরকারি দলের কিছু লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়ে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। তিনি আরও বলেন, যাঁরা একটি থানা বা জেলার শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে পারেন না, তাঁদের কাছ থেকে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার আশা করা যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে কোনো ঐক্য হলে তার ভিত্তি হবে চব্বিশের চেতনা ও জুলাই সনদের বাস্তবায়ন, এমন বক্তব্যও দেন তিনি।
সিরাজগঞ্জে শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মুজিব সড়ক ও এস এস রোডসহ প্রধান সড়ক ঘুরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম সমাবেশে বলেন, আওয়ামী লীগ নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তবে এসব করে তারা রাজনীতিতে ফিরতে পারবে না। তাঁর অভিযোগ, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে এবং এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সমাবেশে সদর থানা আমির আব্দুল লতিফ ও পৌর সেক্রেটারি এবং সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোস্তফা মাহমুদসহ জেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।