মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেন্ট মার্টিনে বর্জ্য সাগরে ফেলায় রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা, ট্রলারচালকেরও দণ্ড

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও দুটি রিসোর্টকে সতর্ক করা হয়েছে; নিষিদ্ধ এলাকায় ট্রলিংয়ের দায়ে এক ট্রলারচালকের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা।

সেন্ট মার্টিন দ্বীপে রিসোর্টের বর্জ্য পাম্পের মাধ্যমে সাগরে ফেলার অভিযোগে ‘স্যান্ড ক্যাসেল বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসন জানায়, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া ‘সূর্যস্নান’ ও ‘সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট’ নামের আরও দুটি প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি পাওয়া গেছে। প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া–৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, কক্সবাজার শহর থেকে পাঁচটি জাহাজে দৈনিক আড়াই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণে আসছেন। তাঁদের অর্ধেক রাত যাপনের জন্য দ্বীপের হোটেল-রিসোর্টে থেকে যান, বাকিরা ফিরতি জাহাজে কক্সবাজারে ফিরে যান।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দ্বীপটিতে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি ও কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। পরিবেশ আইন অনুযায়ী সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।