সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্বর্ণালংকারের লোভে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নারীর বয়স ৫০ বছর। তিনি ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
গ্রেপ্তার তিনজন হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২০), একই গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মায়ের গলায় থাকা স্বর্ণের ধান-তাবিজ ও কানের দুলের লোভে আশরাফ আলী তাঁকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী সহযোগী আব্দুর রহিমকে নিয়ে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে সেটি বস্তাবন্দি করা হয় বলে পুলিশের ভাষ্য।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত ছেলে, তাঁর এক সহযোগী ও এক স্বর্ণকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অভিযুক্ত ব্যক্তিরা আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাঁদের নির্দোষ হিসেবেই গণ্য করা হবে।