আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আইনসভায় আইন প্রণয়নের মাধ্যমেই এটি করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন ছিল তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনঃপ্রবর্তনের জন্য; সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে তা ফিরিয়ে আনবে।
সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েও প্রশ্ন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। তবে এখনো সাড়া পাওয়া যায়নি।
এ সময় তিনি বলেন, অনেক বছর পর শান্তিপূর্ণভাবে ও সম্প্রীতির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদ্যাপন করেছেন। পূজা নিরাপদ ও উৎসবমুখর করতে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ও জনগণকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘ফ্যাসিবাদী শক্তির’ অপচেষ্টা প্রথম থেকেই ছিল; তারা অস্থিরতা সৃষ্টি করতে চায়। সরকার কোনো অপশক্তিকে ছাড় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
পার্বত্য অঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাহাড়ে কয়েকটি সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে এবং পর্যটন মৌসুমকে কেন্দ্র করে কোনো কোনো এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা হয় বলে তিনি জানান। এসব পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্ত্রী দাবি করেন।
গোপালগঞ্জের একটি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর মিছিলের চেষ্টা এবং পুলিশের ওপর হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঘটনাটি সরকারের নজরে এসেছে। ভিডিও দেখে শনাক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।