বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, ১৫ মার্চ থেকে মোট মৃত্যু ১,১৮৪

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী একদিনে নতুন করে ১ হাজার ৪৪৪ জন হাম উপসর্গে বা নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ এবং নিশ্চিত হামরোগী ৮৭ জন। গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন, যার মধ্যে নিশ্চিত রোগী ২৪ হাজার ৬১০ জন।

একই সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন; সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১০৫ জনের। এর আগে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২২৫ এবং ওই দিন দুজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।