সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় সংঘটিত তিনজনের হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল মিয়াকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ আগস্ট সকালে এই এলাকা তিনজনকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন মো. আব্দুস সাত্তার (৮২), সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। এই হত্যাকাণ্ডের পর পুলিশ বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেন। পুলিশ বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ছোরা উদ্ধার করে। জানা যায়, গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বাবুল সেদিন বাড়িতে গিয়ে তাহমিনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন।
হত্যার সময় তাহমিনাকে ছুরি দিয়ে আঘাত করেন বাবুল এবং পরে অন্যদের আঘাত করেন। ঘটনার পর বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যান। নিহত দম্পতির প্রবাসী মেয়ে সেলিনা সুলতানা ১৪ আগস্ট রাতে মামলাটি দায়ের করেন।
১৬ আগস্ট সকালে বাবুল মিয়াকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর ২০ আগস্ট আদালতে তার জবানবন্দি নেয়া হয়। পরে তাকে দুই দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।