দেশে বর্তমানে প্রায় ৪৬ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। মেধা ও ইচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষার টেবিলে এসে তাঁদের প্রতিনিয়ত বৈষম্য, অবকাঠামোগত অব্যবস্থাপনা ও আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়তে হচ্ছে বলে এক সেমিনারে উঠে এসেছে। ফলে উচ্চতর ডিগ্রি থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় কিংবা সরকারি-বেসরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় দৃষ্টি, শারীরিক ও অন্যান্য প্রতিবন্ধকতায় আক্রান্ত প্রার্থীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিসএবলেড ওয়েলফেয়ার সোসাইটি’ আয়োজিত ‘পরীক্ষার ক্ষেত্রে বাধা দূরীকরণ: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অভিন্ন পরীক্ষা পদ্ধতিবিষয়ক পরামর্শ’ শীর্ষক সেমিনারে এসব সংকট তুলে ধরা হয়। সেমিনারে বলা হয়, শুধু শ্রুতিলেখক জোগাড় করতেই একজন পরীক্ষার্থীকে যে মানসিক ও দাপ্তরিক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়, তা তাঁর পরীক্ষার প্রস্তুতিকে বিঘ্নিত করে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের পরীক্ষাগুলোয় ব্রেইল পদ্ধতিতে প্রশ্নপত্র না থাকা অন্যতম প্রধান সমস্যা বলে সেমিনারে উল্লেখ করা হয়। আংশিক দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বড় অক্ষরের প্রশ্নপত্রের অভাব রয়েছে। এমনকি অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট পূরণের ক্ষেত্রেও কোনো বিশেষ ছাড় বা বিকল্প ব্যবস্থা রাখা হয় না। যাঁরা নিজের হাতে লিখতে পারেন না, তাঁদের শ্রুতিলেখক নিয়োগের অনুমতি পেতে শিক্ষা বোর্ড বা পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিতে হয়; এতে পরীক্ষার্থীর অর্জিত মেধার সঠিক প্রতিফলন ঘটে না বলে বক্তারা মনে করেন।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ‘পাবলিক ও শ্রেণি পরীক্ষায় শ্রুতিলেখকের সেবা গ্রহণসংক্রান্ত নীতিমালা ২০২৫’ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘শ্রুতিলেখক নীতিমালা ২০২৩’ কার্যকর রয়েছে। তবে এতে নানা অসামঞ্জস্য আছে বলে সেমিনারে বলা হয়। শ্রেণি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বার কাউন্সিল এবং সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে শ্রুতিলেখকের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সুনির্দিষ্ট ও অভিন্ন রূপরেখা বাস্তবায়নের দাবি উঠে আসে।
সেমিনারে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে শ্রুতিলেখক চূড়ান্ত করে পরীক্ষার্থীর সঙ্গে দেখা করার আনুষ্ঠানিক সুযোগ দিতে হবে, যেন পরীক্ষার দিন অপরিচিত কারও সঙ্গে সমন্বয়ের মানসিক চাপ তৈরি না হয়। শ্রুতিলেখকের সম্মানী প্রতি ঘণ্টা ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে, যা সংশ্লিষ্ট পরীক্ষা কর্তৃপক্ষ পরীক্ষা শেষে নগদ বা ইলেকট্রনিক মাধ্যমে পরিশোধ করবে; এটি পরীক্ষার্থীর ওপর বাড়তি আর্থিক বোঝা হিসেবে চাপানো যাবে না।
এ ছাড়া বিশেষ অনুমোদন সাপেক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা ইন্টারনেট সংযোগবিহীন কাস্টমাইজড কি-বোর্ড ও হেডফোনসহ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে প্রস্তাব করা হয়। ব্রেইল পদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে স্টাইলাস, ব্রেইল টাইপরাইটার, অ্যাবাকাস ও ব্রেইল পেপার পরীক্ষা কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে। এতে ব্যর্থ হলে কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র পড়ে শোনাবেন।