রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীসহ এ বিভাগের মানুষ হাসতে জানে, প্রয়োজনে রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে। তাঁর ভাষ্য, দেশ ও জাতির স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হয় না এ অঞ্চলের মানুষ। তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নিতে সরকার কাজ করছে; তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কারও গোলামি করতে চায় না; পারস্পরিক সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এগিয়ে যেতে চায়। রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চল থেকে অনেক কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের গৌরব তুলে ধরেছেন। প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড়দের রাজশাহী ভালো লাগবে বলে আশা প্রকাশ করে তিনি সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে ভরসা তৈরি হবে। খেলাধুলায় মনোযোগ ও উপযুক্ত পরিবেশের অভাবে তরুণ প্রজন্মের অনেকে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হবে আজকের তরুণ ও কিশোরেরা।