মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা, কারাদণ্ড ও মামলা করলেও বিভিন্ন এলাকায় বালু উত্তোলনকারীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোথাও ভেকু মেশিন দিয়ে, কোথাও শ্রমিক লাগিয়ে বালু তোলা হচ্ছে। এতে একদিকে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ, কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও বসতবাড়ি।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুমহাল ও কোয়ারি রয়েছে। এর মধ্যে মাত্র দুটি সাধারণ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি ইজারার বাইরে, আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এগুলো ইজারা দেওয়া সম্ভব হয়নি। অভিযোগ আছে, ইজারাবিহীন এই কোয়ারি এবং বিভিন্ন ছড়া ও নদীকে ঘিরেই অবৈধ বালু উত্তোলন ছড়িয়েছে।
প্রশাসনের হিসাবে, ২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনাসংক্রান্ত আইনে ১৬টি অভিযান চালানো হয়েছে। এতে ১ লাখ ২০০ টাকা জরিমানা আদায় এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৫০ টাকা। ৩১ অক্টোবর ও ২ নভেম্বরের আরও দুটি অভিযানসহ ২ নভেম্বর পর্যন্ত অভিযানের সংখ্যা ১৮টি।
সর্বশেষ ৩১ অক্টোবর মির্জাপুর ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ হাজার ঘনফুট এবং ২ নভেম্বর একই ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। দুটি অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। তিনি বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু তোলায় জড়িত কাউকে পাওয়া যায়নি, তাই তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।