মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর, প্রক্টরের কার্যালয়ে হস্তান্তর

সোমবার ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের মারধর করেন এবং এক শিক্ষককে হেনস্তা করেন বলে অভিযোগ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে বাংলা বিভাগের একজন শিক্ষককেও হেনস্তা করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে তাঁরা এ ঘটনা ঘটান।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। হেনস্তার শিকার শিক্ষক বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।

মারধরের পর কর্মকর্তাদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নেতা-কর্মীরা তাঁদের পুলিশের কাছে সোপর্দ করার দাবি জানান। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচজন কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছিল। এ সময় তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বৈঠক চলছিল।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা দাবি করেন, দেশজুড়ে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা এমন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করেছেন এবং সে অনুযায়ী তাঁদের খুঁজে বের করা হচ্ছে বলে জানান। দপ্তরে দপ্তরে যাওয়ার সময় তাঁরা ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন। বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়ার কথাও জানা গেছে।

ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের যেসব কর্মকর্তা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয়, তাঁদের সঙ্গে কোনো আপস নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।