রাজশাহীর তানোরে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিক আম চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে মাসকলাই চাষের কার্যক্রম ঘুরে দেখেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরসভার আইড়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের আমবাগানে তিনি এ পরিদর্শন করেন।
প্রায় ৪১ বিঘা জমির ওই বাগানে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) বা উত্তম কৃষিচর্চা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আম চাষ হচ্ছে। একই জমিতে সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে মাসকলাই। পরিদর্শনের সময় মন্ত্রী বরেন্দ্র অঞ্চলে আমের বিভিন্ন জাতের চাষ পদ্ধতি, উৎপাদন সম্ভাবনা এবং আমের পাশাপাশি সাথী ফসল চাষের বিষয়ে খোঁজখবর নেন।
বাগানের তত্ত্বাবধায়ক কৃষক আলামিনসহ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রীকে চাষাবাদ পদ্ধতি, আমের বিভিন্ন জাত, পরিচর্যা এবং মাসকলাই চাষের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাগানের সামগ্রিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
জানা গেছে, মন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে এ বাগান পরিদর্শন ছিল না। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পূর্বনির্ধারিত কর্মসূচির ফাঁকে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য বাগানটিতে যান। সেখানে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান, রাজশাহীর উপপরিচালক মোস্তফা কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতা, কৃষক উপস্থিত ছিলেন। মন্ত্রী তিন দিনের সরকারি সফরে দুই জেলার কৃষি উৎপাদন ও সম্ভাবনাময় ফসল সরেজমিনে দেখছেন।