সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি এজাহারে ৫৩ নম্বর আসামি। বৃহস্পতিবার তাঁকে কারাগারে আটক রাখার আবেদনসহ আদালতে হাজির করা হয়; আদালতের আদেশে তিনি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে ওই চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও ক্রাইম বিভাগের প্রধান রাজীব ঘোষকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেদিন রাতে রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন আদালতে ইকবাল সোবহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার সড়কে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোলাগুলির সময় একজন মাদরাসাছাত্রের চোখে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই ছাত্রের বাবা ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলার আসামিরা অভিযুক্ত মাত্র; বিচারে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা নির্দোষ।