মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: শুক্রবার অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে আঘাতের পূর্বাভাস, বাংলাদেশ থেকে অবস্থান এক হাজার কিলোমিটারের বেশি দূরে

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং বৃহস্পতিবার অতি প্রবল রূপ নিয়ে ২০ নভেম্বর দুপুরের দিকে উপকূল অতিক্রম করতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। নামটি দিয়েছে ইরানের আবহাওয়া দফতর। ইরানের পৌরাণিক কাহিনিতে ‘আকভান দিভ’ নামে এক রূপ পরিবর্তনকারী দানবের উল্লেখ আছে, যে প্রবল ঝড়ের রূপ ধরতে পারত।

ভারতের আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঝড়টি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এটি মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বশেষ অবস্থানে এর কেন্দ্র চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল।

পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর, অর্থাৎ শুক্রবার দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনির মধ্যবর্তী কোনো স্থান দিয়ে স্থলভাগে উঠতে পারে। আবহাওয়াবিদদের কেউ কেউ বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী যেকোনো স্থানের উপকূলে এটি আঘাত হানতে পারে। উপকূল অতিক্রমের সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার মধ্যরাতে গভীর নিম্নচাপটির কেন্দ্র ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। সোমবার দুপুরে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ওড়িশা রাজ্য প্রশাসন উপকূলীয় জেলাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। প্রতিটি জেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হচ্ছে এবং জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি জানান, অক্টোবরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে সৃষ্ট বন্যায় রাজ্যের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিল। এ মাসের শুরুতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র কারণেও ভারী বৃষ্টি হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে এটি তৃতীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা।