সিলেট বিভাগে দুই দিন মৃত্যুহীন থাকার পর হামে আবার দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২০১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৬৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬১৬ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
মারা যাওয়া দুই শিশু
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ছয় মাস বয়সী একটি শিশু মারা গেছে; সে মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাত মাস বয়সী আরেকটি শিশু, যার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
চলতি বছরের হিসাব
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৮ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৩ এবং সুনামগঞ্জে ৭৪৩ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাবে চলতি বছর এ পর্যন্ত বিভাগে হাম ও উপসর্গে ২২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৯২, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জন। মৃতদের বেশির ভাগই সন্দেহজনক হাম রোগে মারা গেছেন; নিশ্চিত হামে মারা গেছেন সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজন।
কোন হাসপাতালে কত রোগী
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৭ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৬১৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩ জন ও ওসমানী মেডিক্যালে ১৯৬ জন রয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারও মৃত্যু না হলেও ৭৩ জন নতুন শনাক্ত হয়েছিল এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৭৯ জন।