রাজশাহী মহানগরীতে ড্রেনের পানিতে ডুবে মো. জিহাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ একই থানার বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার বাসিন্দা সুমন আলীর ছেলে। শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, শুক্রবার দুপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, শিশুটির মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও স্বজনদের বরাতে পাওয়া তথ্যে শিশুটি কীভাবে ড্রেনে পড়ল, তার বিস্তারিত এখনো জানা যায়নি।