রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

“নন-পলাতক আওয়ামী লীগ” কমিটির সভাপতি দাবি করা আইনজীবী কামাল উদ্দিন কর্ণফুলীতে পুলিশ হেফাজতে; কোনো মামলা নেই, বলছে থানা

স্থানীয় কয়েকজন বাসিন্দা ভাড়া বাসায় গেলে কথা-কাটাকাটির পর “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে” তাঁকে থানায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে “বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ” নামের একটি কমিটির সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই বাসায় যান এবং তাঁদের সঙ্গে কামাল উদ্দিনের কথা-কাটাকাটি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সময় তাঁকে থানায় নেওয়া হয়।

শনিবার সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থায়ী বাসিন্দা নন; তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। দেড় মাস ধরে তিনি কর্ণফুলীর সিডিএ টেক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। ওসির ভাষ্য, তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি; নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। থানায় তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনো লিখিত অভিযোগও ছিল না। তবে স্থানীয় লোকজনের কিছু অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

“বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ” নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তাঁর এসব বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকে সেগুলো শেয়ার করেন ও মন্তব্য করেন।