বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন। তিনি জানান, গত বছরের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী এই হিসাব।
প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে নিয়োগের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে এবং দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়নের অনুরোধ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহর আরেক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) পুরো প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে বাসায় বসে পিএসসির প্রশ্ন তৈরি করা হতো। এখন বিসিএসের প্রশ্ন প্রণয়ন হচ্ছে পিএসসির গোপনীয় কক্ষে, ছাপা হচ্ছে কমিশনের নিজস্ব প্রেসে। প্রশ্ন সংরক্ষণের ভল্টরুমে প্রবেশে ফেসলক প্রযুক্তিও চালু করা হয়েছে।